শাকিবকে সিনেমায় ফেরার কথা দিয়ে শর্ত দিলেন ববিতা

অনলাইন ডেস্ক: জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। এ সময় দুই তারকার মধ্যে আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ জানান শাকিব। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজ করার আশ্বাস দেন ববিতা, তবে জুড়ে দেন একটি শর্ত।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে ফোনে যুক্ত হয়ে প্রথমেই ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। পরে আলাপচারিতার একপর্যায়ে ববিতার দীর্ঘদিনের চলচ্চিত্র থেকে দূরে থাকার প্রসঙ্গ তুলে তাকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানান।
শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সাথে আমি আরও কাজ করতে চাই।’
জবাবে ববিতা জানান, মনের মতো গল্প এবং শক্তিশালী চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন না। তবে শাকিবের অনুরোধের জবাবে তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সাথে ছবি করব।’
অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজেরও প্রশংসা করেন ববিতা।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।




