অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির এমডি আহমেদ জোবায়ারকে

অনলাইন ডেস্ক: দুটি গাড়ি ও প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।    

গতকাল সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে তাকে হাজির করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আহমেদ জোবায়েরকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করলেও বাদীপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সময় টেলিভিশনের দায়িত্ব পালনকালে আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরবর্তীতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দেওয়া দুটি গাড়ি এবং উত্তোলিত অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

কিন্তু তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। সময় টেলিভিশনের মালিকানা প্রতিষ্ঠান ‘সিটি গ্রুপ’-এর পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হলেও তিনি কোনো সুরাহা করেননি। পরে এ ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানার আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা অপর একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আহমেদ জোবায়ের। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

Related Articles

Back to top button