জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দুই দিনের কর্মসূচি জামায়াত জোটের

অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন এবং তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটসহ দেশের বিদ্যমান সার্বিক সংকটের দ্রুত সমাধানের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক যৌথ বৈঠকে এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস–সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

৬ আগস্ট দেশের সব মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button