‘মানুষ আমাদের ঈর্ষা করে’

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের সোনালি ট্রফি এবার স্পেনের হাতে উঠেছে। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা। মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক, সমালোচনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের তর্ক যেন নতুন এক ম্যাচের জন্ম দিয়েছে। আর সেই ম্যাচে নিজের দেশের হয়ে সবচেয়ে জোরালো কণ্ঠ তুলেছেন স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার প্রতিটি জয়-পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তিনি। ফাইনালে হারের পর বিদেশি সংবাদমাধ্যম, সমর্থক ও বিভিন্ন মহলের সমালোচনার জবাবও দিয়েছেন একই ভঙ্গিতে। তার ভাষায়, আর্জেন্টিনাকে ঘিরে এত সমালোচনার মূল কারণ একটাই-ঈর্ষা। 

ছবি: সংগৃহীত

একাধিক পোস্টে মিলেই লিখেছেন, ‘তোমার যদি শত্রু থাকে, তার মানে তুমি কোনো এক সময় সত্যের পক্ষে দাঁড়িয়েছিলে। আমরা আর্জেন্টিনার পক্ষেই দাঁড়াই।’ আরেকটি পোস্টে আরও আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমরা কখনোই অদৃশ্য থাকি না। মানুষ আমাদের প্রতি ঈর্ষান্বিত, কারণ আমরা প্রায় সবকিছুতেই ভালো।’

এর পরদিনও থেমে থাকেননি আর্জেন্টাইন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘এখন বিশ্ব দেখবে, আর্জেন্টাইনদের দিয়ে পরিপূর্ণ একটি দেশ কী অর্জন করতে পারে।’ সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নিজের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরা একটি ছবিও প্রকাশ করেন। ছবির ক্যাপশনে ছিল আবেগমাখা ঘোষণা ‘আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক!’ 

বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্সআপ হলেও দলটির পারফরম্যান্স নিয়ে আলোচনা থামেনি। ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে লিওনেল মেসিদের যাত্রা শেষ হয়েছে ফাইনালে। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনা ছিল সবচেয়ে বেশি আলোচিত দলগুলোর একটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে নিয়ে কোটি কোটি পোস্ট হয়েছে। যা ফিফার সাম্প্রতিক আসরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ অনলাইন সম্পৃক্ততার নজির তৈরি করেছে। তবে প্রশংসার পাশাপাশি এসেছে কঠোর সমালোচনাও।

Related Articles

Back to top button