রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতি জড়িত আছে বলে মনে হয় না: পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে আমার মনে হয় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার আছে। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা আমি জানি না।’

গতকাল শনিবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ উপলক্ষে ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি করতে হলে সম্পদ সৃষ্টি করতে হবে। আর সম্পদ সৃষ্টি করতে সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। বিগত ২০ বছর একটি দল এককভাবে সম্পদ সৃষ্টি করে এককভাবে লুটপাট করে পালিয়ে গেছে।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুক্তির পথ তৈরি করতে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে হবে। উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যবসা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে করতে হবে। সরকারি কর্মকর্তাদের দিয়ে দেশে সম্পদ সৃষ্টি সম্ভব নয়।

তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন করতে হলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি না হলে দেশে চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার কমবে না।

ফেনী চেম্বারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের আহ্বায়ক মুশফিকুর রহমান পিপুলের সভাপতিত্বে এবং পরিচালক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, এফবিসিসিআইয়ের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ, সাবেক সহসভাপতি জাফর উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

Related Articles

Back to top button