নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক: নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

এরপর নৌসদর দপ্তরে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত করার বিষয়ে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Related Articles

Back to top button