প্রধানমন্ত্রীর সঙ্গে শরীক নেতাদের বৈঠক, যা আলোচনা হলো

অনলাইন ডেস্ক: বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ৪১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দেশের সার্বিক পুনর্গঠন প্রক্রিয়ায় তাদের সহযোগিতা কামনা করেন।
বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রীয় কাজে অত্যন্ত ব্যস্ত থাকায় আগে সম্ভব না হলেও সোমবার ৪১টি দলের ১৮৪ জন সদস্যের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার দেশের শাসনতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত ‘৩১ দফা’ এবং ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ বিষয়ে তাড়াহুড়ো না করে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। মিত্র ও শরিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের রূপরেখা ও সময় নির্ধারণ করবে সরকার।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে শরিক দলগুলোর সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীর অন্যতম বড় ও আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




