দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) এক সরকারি গেজেটের মাধ্যমে এই শোক পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ উপলক্ষে কাল দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সরকারি গেজেটে জানানো হয়েছে, গত ১২ জুলাই ইন্তেকাল করেন আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি। বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের এই অকৃত্রিম বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই রাষ্ট্রীয়ভাবে এই শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।

শোক পালন উপলক্ষে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Related Articles

Back to top button