ইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩  

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিবাহী একটি পিকআপ ট্রাক দুটি ট্রাকের মধ্যে চাপা পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

গতকাল রোববার (১২ জুলাই) বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা পার্শ্ববর্তী পারেয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান উন্দাং শরিফ হিদায়াত জানান, যাত্রীবোঝাই খোলা পিকআপটি মহাসড়কের মাঝখানের একটি ইউ-টার্ন দিয়ে ঘোরার জন্য ধীরগতিতে চলছিল। এ সময় একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে পিকআপটি বিপরীতমুখী লেনে চলে গেলে সেখানে আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা একাধিক যাত্রী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী বা মালবাহী যান চলাচল, সড়ক নিরাপত্তার ঘাটতি এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Related Articles

Back to top button