সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচার নিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কোনো ব্যক্তি যেন নিজ উদ্যোগে মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনার সম্পর্ক নেই।

বিবৃতিতে সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে ঘিরে সৃষ্ট ঘটনার প্রসঙ্গও উল্লেখ করা হয়। এতে প্রতিমন্ত্রী ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Back to top button