শেষ মুহূর্তের গোলে আইভোরি কোস্টের জয়ের নায়ক আমাদ দিয়ালো

অনলাইন ডেস্ক: পুরো ম্যাচে সুযোগের কমতি ছিল না, তবে ফিনিশিং ব্যর্থতায় ভুগেছে উভয় দল। নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার অপেক্ষায় থাকা ম্যাচে নাটকীয়তা এনে দেন আমাদ দিয়ালো। শেষ মিনিটে তার করা সিদ্ধান্তসূচক গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ যাত্রা জয় দিয়ে শুরু করেছে আইভরি কোস্ট। 

সোমবার (১৫ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে শেষ হাসি হাসে পশ্চিম আফ্রিকার অন্যতম পরাশক্তিরা।

ম্যাচে বলের নিয়ন্ত্রণে সামান্য এগিয়ে ছিল ইকুয়েডর, যারা ৫১ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল। কিন্তু আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে ছিল আইভরি কোস্ট। শেষ বাঁশি পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা দলটি মোট ১৬টি শট নেয় এবং এর মধ্যে ৪টি লক্ষ্যে রাখে। অন্যদিকে ইকুয়েডরের ১০টি প্রচেষ্টার মাত্র একটি ছিল অন টার্গেট। যদিও সুযোগ কাজে লাগাতে পারলে বিরতিতে যাওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারত তারা।

ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল ইকুয়েডর। ১১তম মিনিটে এননার ভ্যালেন্সিয়া এবং দুই মিনিট পর জন ইয়েবোয়াহ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ১৭তম মিনিটে পাল্টা আক্রমণে বাজাউমানা তোরের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ইলায়ে ওয়াহির প্রচেষ্টা সহজেই রুখে দেন গোলরক্ষক হার্নান গালিনদেস।

প্রথমার্ধে সবচেয়ে দুর্ভাগা ছিলেন ইকুয়েডরের অ্যালান মিন্ডা। ২৩তম ও ৩০তম মিনিটে তার দুটি দুর্দান্ত শটই ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে নিকোলাস পেপেসহ কয়েকজন খেলোয়াড় সুযোগ তৈরি করলেও ইকুয়েডরের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে উত্তেজনা ছড়ায় দুই দলের আক্রমণাত্মক ফুটবলে। ৫০তম মিনিটে ইয়ান ডিওমান্ডে গোলের ভালো সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। ৫৫তম মিনিটে পেদ্রো ভিতের নেওয়া নিচু শটও পোস্টের ঠিকানা খুঁজে পায়নি। এর তিন মিনিট পর আরেকটি সম্ভাবনাময় সুযোগ নষ্ট করেন ডিওমান্ডে। ৬০তম মিনিটে সেকো ফোফানার শট সহজেই রুখে দেন গালিনদেস। অন্যদিকে ৬৮তম মিনিটে গঞ্জালো প্লাতার দূর থেকে নেওয়া শটও আইভরি কোস্ট গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার হাতে আশ্রয় নেয়।

শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিতে কৌশলগত পরিবর্তন আনে উভয় দল। কিন্তু আক্রমণের পর আক্রমণেও গোল আসছিল না। এমন অবস্থায় ৯০তম মিনিটে আইভরি কোস্টের নায়ক হয়ে আবির্ভূত হন আমাদ দিয়ালো। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে নেওয়া তার নিখুঁত শট ঠেকাতে ব্যর্থ হন ইকুয়েডরের গোলরক্ষক; বল জড়িয়ে যায় জালে।

নির্ধারিত সময়ের পর যোগ করা সাত মিনিটে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় ইকুয়েডর। তবে আইভরি কোস্টের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপ অভিযান শুরু করে আইভরি কোস্ট।

Related Articles

Back to top button