ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক এবং একটি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। খবর শাফাক নিউজের।

গতকাল শুক্রবার (৫ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজগুলো ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানি এলপিজিকে ওমানের উৎপাদিত জ্বালানি হিসেবে পরিচয় দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করছিল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত ও চীনভিত্তিক একটি বাণিজ্যিক নেটওয়ার্ক এই কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এ ছাড়া একটি ইরানি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এবং এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে সহায়তা করছিল।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টায় জড়িত ব্যক্তি, কোম্পানি, জাহাজ ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, ‘ডাভিনা’ নামের একটি জাহাজ আটক করা হয়েছে, যা নিষেধাজ্ঞার আওতায় থাকা বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, ইরানকে সহায়তা দেওয়া অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button