গুজব ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩

অনলাইন ডেস্ক: চলমান মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার (৯ মার্চ) গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক বলে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ এবং জননিরাপত্তা বজায় রাখার নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাতারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযুক্তদের বিরুদ্ধে মূলত চারটি নির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে- অননুমোদিত ভিডিও ফুটেজ ধারণ ও প্রচার করা, বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়িয়ে দেওয়া, জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন কন্টেন্ট প্রকাশ করা, সরকারি নির্দেশনা অমান্য করে স্পর্শকাতর বিষয়ে প্রচারণা চালানো।
বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ মানুষকে যেকোনো ধরনের ভিডিও ধারণ, প্রকাশ বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছে কাতার সরকার।
মন্ত্রণালয় বিশেষভাবে জোর দিয়ে বলেছে, যেকোনো খবরের সত্যতা যাচাই করতে এবং তথ্য পেতে জনসাধারণকে যেন কেবল অনুমোদিত সরকারি উৎসের ওপর নির্ভর করে।
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির প্রশাসন।
সূত্র: দ্য গার্ডিয়ান




