সচিবালয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী

ট্রেড লাইসেন্স পেতে হোটেল-রেস্তোরাঁয় প্রতিবন্ধীদের জন্য থাকতে হবে র‍্যাম্প-টয়লেট

অনলাইন ডেস্ক: সিটি করপোরেশন এলাকায় হোটেল বা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স পেতে হলে প্রতিবন্ধীদের জন্য ওঠা–নামার র‌্যাম্প এবং বিশেষ ধরনের টয়লেট নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গতকাল রোববার (১৭ মে) সচিবালয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে সিটি করপোরেশন এলাকায় হোটেল কিংবা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স দেয়ার আগে প্রতিবন্ধীদের ওঠা-নামার জন্য আলাদা র‌্যাম্প এবং বিশেষ ধরনের বাথরুম রয়েছে কি না নিশ্চিত করতে হবে।’
 
রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজধানীতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে জলজট তৈরি হতে পারে। তবে ধীরে ধীরে নেমে যাবে।’

তিনি আরও জানান, ‘রাজধানীর লেকগুলোতে সরাসরি সুয়ারেজের পানি ফেলা যাবে না। দুই বছরের মধ্যে সব বাড়িতে সেফটিক ট্যাংক ও এসটিপি বাধ্যতামূলকভাবে করতে হবে।’

এছাড়া বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে শৃঙ্খলা আনার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Related Articles

Back to top button