পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক: পরিবেশের টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। গতকাল বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘বৃক্ষ রোপণে ও এনজিওর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষ- সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের প্রতি জনগণের ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
দুই ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় দেশের দুই শতাধিক এনজিও প্রতিনিধিরা অংশ নেন। সভায় পরিবেশ উন্নয়নে আগামীতে কে কত পরিমাণে বৃক্ষরোপণ করবেন, সে বিষয়েও বিভিন্ন প্রতিনিধি ঘোষণা দেন।




