ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বসছে টেলর সুইফট-ট্র্যাভিস কেলসির বিয়ের আসর

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্র্যাভিস কেলসি। চলতি সপ্তাহেই নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসবে তাদের বিয়ের জমকালো আসর। মঙ্গলবার (৩০ জুন) দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, বিয়ের প্রস্তুতিমূলক অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার ম্যানহাটনে অনুষ্ঠিত হতে পারে। তবে শুক্রবার অনুষ্ঠিত হবে বিয়ের মূল আসর, যা ভোর ৪টা পর্যন্ত চলতে পারে। এই মেগা আয়োজনে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বুধবার (১ জুলাই) সকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশে কর্মীদের ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে। বিভিন্ন সরঞ্জাম ও রহস্যময় বাক্স আনলোড করতে দেখা যায় তাদের। তবে বিয়ের প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে এক কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই বলতে পারব না, আমার মুখ বন্ধ রাখতে বলা হয়েছে।’

এই ‘ব্লকবাস্টার’ বিয়েটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন নিউইয়র্ক সিটি এক বিশেষ উৎসবের আমেজে রয়েছে। দীর্ঘ ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে শহরের বাস্কেটবল দল ‘দ্য নিক্স’। এর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের কারণে শহরজুড়ে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যেই সুইফট ও কেলসির বিয়ের খবরে শহরে ভিড় জমিয়েছেন এই পপ তারকার অগণিত ভক্ত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা।

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, কড়া গোপনীয়তার কারণে কিছুদিন আগপর্যন্ত সংবাদমাধ্যমের কাছে এই মেগা ইভেন্ট নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। এমনকি আমন্ত্রিত অতিথিদেরও বিয়ের স্থান সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছে বলে জানা গেছে।

ট্র্যাভিস কেলসির সতীর্থ এবং ‘টাইট এন্ড ইউনিভার্সিটি’র (টিইউ) অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ কিটল গত সপ্তাহে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে জানিয়েছেন, তিনি বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছেন ঠিকই, কিন্তু বিয়েটি কোথায় হচ্ছে তা জানেন না। তিনি বলেন, ‘আমি গত রাতে ট্র্যাভিসকে ভেন্যুর বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনে স্রেফ হেসে উড়িয়ে দিয়েছে।’ তবে কিটল একটি বিষয়ে নিশ্চিত করেছেন যে, অতিথিদের কোনো ধরনের বিয়ের উপহার আনতে নিষেধ করেছেন এই তারকা দম্পতি।

Related Articles

Back to top button