বিধানসভা নির্বাচন

মেসির কারণেই হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারের অন্যতম বড় অঘটন ঘটল টালিগঞ্জ কেন্দ্রে। গতবারের ৫০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হেভিওয়েট নেতা তথা রাজ্যের বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবার নিজের আসনটি ধরে রাখতে ব্যর্থ হলেন। সোমবার (৪ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে পরাজিত হয়েছেন তিনি।

তবে অরূপ বিশ্বাসের এই হারের পেছনে রাজনৈতিক সমীকরণের চেয়েও ‘মেসি-কাণ্ড’ নিয়ে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। গত বছরের ডিসেম্বরে ফুটবল সম্রাট লিওনেল মেসি যখন কলকাতা সফরে এসেছিলেন, তখন যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির পাশে থাকলেও, হাজার হাজার সাধারণ দর্শক টিকিট কেটেও তাদের প্রিয় তারকাকে একনজর দেখার সুযোগ পাননি বলে অভিযোগ ওঠে।

ফুটবলপ্রেমী বাঙালির সেই ক্ষোভ এবার ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে। অরূপ বিশ্বাসের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অনেকেই গত বছরের সেই ঘটনা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করছেন। কেউ লিখেছেন, “মেসিকে দেখতে দেননি, তাই সাধারণ মানুষ এবার তাকে বিধানসভায় ঢোকার পথ বন্ধ করে দিল।”

আবার কেউ কৌতুক করে বলছেন, “মেসির বাড়ানো পাস থেকেই যেন গোল দিয়ে জয় ছিনিয়ে নিল বিজেপি।” সব মিলিয়ে টালিগঞ্জের এই হার তৃণমূল শিবিরের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট। অন্যদিকে, জয়ী বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৮৮,৪০৭ ভোট পেয়ে টালিগঞ্জের নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার এই আসনে বামফ্রন্ট (সিপিএম) ৩০ হাজারেরও বেশি ভোট নিজেদের ঝুলিতে টানতে সক্ষম হওয়ায় সরাসরি অরূপ বিশ্বাসের সাজানো ভোটব্যাংকে বড় ধরনের ধস নেমেছে।

Related Articles

Back to top button