এখন বলতে পারব আসামি ধরা পড়েছে: তনুর বাবা

অনলাইন ডেস্ক: কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত তনুর পরিবার। এতদিন পর কাউকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দেখে ন্যায়বিচারের আশা দেখছেন তারা।

বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা সদর আমলি আদালত-১-এর নির্দেশে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্য দিয়ে এই মামলায় প্রথমবারের মতো কাউকে আদালতে হাজির করা হলো।

গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া জানিয়ে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমরা খুব খুশি, আসামি একটা ১১ বছর পর দেখলাম, কাঠগড়ায় দেখলাম। সাত দিনের রিমান্ড চাইলো। আমিও বিচার চাই, দেশবাসীও এটার জন্য বিচার চায়।’ 

দীর্ঘ আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘যে জায়গায় যাই, দেশবাসী খালি আমাকে জিজ্ঞেস করতো, বিচারটা কী হইলো, বিচারটা কী হইলো? আমি কিছু বলতে পারতাম না। এখন বলতে পারবো যে, আসামি ধরা পড়ছে, দেখা যাক কোর্ট কী করে। আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপর আমি শ্রদ্ধাশীল।’

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘১১ বছরের মাথায় ধরা পড়লো এই একজন আসামি। তো আশা করি, কষ্ট করছি বাজান, তো বিচারটা পামু। তো আমার মেয়েরে যেমনে হত্যা করছে, আমিও চাই তারও একই শাস্তি হোক। তারও ফাঁসি চাই আমি। দেশবাসীও যাতে কইতে পারে যে তনু হত্যার ফাঁসি হইছে।’

মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকলেও কার্যকর অগ্রগতি না থাকায় জনমনে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল। সর্বশেষ এই গ্রেপ্তারকে পরিবারটি বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

Related Articles

Back to top button