জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যকে ধারণ করে জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে যেভাবে সবাই ঐক্যবদ্ধ ছিল, সেই একই শক্তিকে কাজে লাগিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদকে সব আলোচনার মূল কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে বদ্ধপরিকর। আগে সংসদের বাইরে থেকে সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হওয়ার যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে সংসদকেই কার্যকর কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে চায় সরকার। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার মূল জায়গা হবে সংসদ এবং এর বাইরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সরকারের কাম্য নয়।
দেশের চলমান জ্বালানি পরিস্থিতি ও কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে নানা আলোচনা থাকলেও বোরো চাষে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি উল্লেখ করেন যে, গত ১৪ এপ্রিলের পর প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় জ্বালানি তেলের দাম একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অর্থনীতির সক্ষমতা অনুযায়ী এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমান অবস্থা অনেক বেশি স্থিতিশীল। পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নৈতিকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিটি পর্যায়ে সচেষ্ট রয়েছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।




