বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা

বেড়েছে নৃশংস হত্যাকাণ্ড বাড়ছে উদ্বেগ, অস্থিরতা

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক কিছু নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়েছে। এই ধরনের হত্যাকাণ্ডের কারণে সমাজে বাড়ছে উদ্বেগ, অস্থিরতা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করতে পারলেই এই ধরনের ঘটনা কমে আসবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেন এই হত্যাকাণ্ড, খুনি কেন এত বেশি নৃশংস হয়ে উঠল এর কারণ অনুসন্ধান করতে হবে। মানুষের মধ্যে সহিষ্ণুতা কমাতে হলে সামাজিক বন্ধনের উপর জোর দিতে বলেছেন কেউ কেউ।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান ইত্তেফাককে বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি আমাদের এই অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি ঘটনার অনুসন্ধান করে বিচার নিশ্চিত করতে পারলে এই ধরনের নৃশংসতা কমে আসবে। সমাজে অস্থিরতা তৈরি হলে এর প্রতিফলন ঘটে এসব ঘটনায়। আসলে আমাদের সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এরফলে আমরা আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠছি।’

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের টিনহাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক এক যুবককে গণপিটুনি দিলে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে শাহিনুর ও তার দুই মেয়ে নিহত হন। আহত হন আরেক মেয়ে ইকরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চার জন হলেন মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে কলেজছাত্রী সায়মা আক্তার (২১), মেঝ মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। আর সন্দেহভাজন নিহত ঘাতক হলেন অন্তর মজুমদার। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। ঘটনাটি দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়।

তুরাগ নদ থেকে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মো. সুমন, তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মনিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। এদের দুই জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে তাদের ফেসবুক আইডি থেকে জানা গেছে। ঢাকার মহানগর পুলিশের তুরাগ, রূপনগর, দারুস সালাম ও ঢাকা জেলা পুলিশের আশুলিয়া থানা এলাকার তুরাগ নদের আওতাধীন ফায়ার সার্ভিস, দুটি নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৃথক জায়গা থেকে পৃথকভাবে এই লাশগুলো পুলিশ উদ্ধার করেছে। 

বরিশালের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ি। গত শনিবার হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানিয়েছেন, মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাউশিয়া চৌমুহুনি এলাকায় স্থানীয়রা লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিদর্শক বলেন, আনুমানিক দুই থেকে তিন দিন পূর্বে মারা গেছে। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় বন্দনা রানি দাস নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মারপিটে তার মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রেজাউল করিম বলেন, কিছু মানুষ আছে যারা অপরাধ প্রবণ। তাদের বলা হয় লাইকলি অফেন্ডার। তারা অপরাধের সুযোগ খোঁজে। তারা সুইটেবল টার্গেট খোঁজে। তারা কখন অপরাধ করলে সেটা এফেকটিভ হবে তা বিবেচনা করে। তারা দেখছে অপরাধ করলে তারা পার পাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না। আর তৃতীয়ত হলো লিগ্যাল গার্ডিয়ানশিপ। মনিটরিং, সার্ভিলেন্স, বিচার এগুলো ঠিক মতো হচ্ছে না। অপরাধের ক্ষেত্রে টেকনিক অব নিউট্রালাইজেশন আছে। এর পাঁচটি ভাগ আছে। ঐ পাঁচটি বিষয় দূর করা না গেলে রাষ্ট্র ও সমাজে অপরাধ বাড়ে।

সর্বশেষ রোববার (২৮ জুন) জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সি এক শিশুকে হত্যার অভিযোগে তার মা শ্রাবন্তী বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী বেগম ঐ এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী। পুলিশ ও নিহত শিশুর স্বজনদের ভাষ্য অনুযায়ী, দাম্পত্য কলহের কারণে শ্রাবন্তী তার আট মাস বয়সি ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর মা ছেলেকে হত্যা করে পালানোর সময় জনগণ তাকে আটক করে। 

গত ১৭ জুন রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ভাড়া বাসার একটি ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামে এক নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুজ্জামান পলাতক রয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক তথ্যমতে ১৪ জুন রাতে আশিকুজ্জামান বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আলামত বিবেচনায় এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে।

গত ২১ জুন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। চন্দননগর এলাকায় একটি কবরস্থানসংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রীর (১৪) বাড়ি সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে। সে স্থানীয় সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সিংগাইর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক ছাত্রের (১৬) সঙ্গে ঐ ছাত্রীর আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর ঐ দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে স্থানান্তর সনদ (টিসি) দেয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২ প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- মোহাম্মদ বাবর (২৮) ও মোহাম্মদ তানভির হোসেন (৩০)। গত শুক্রবার মরিয়মনগর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় গত শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে প্রবাসী বাবরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, কিছুদিন পূর্বে প্রবাস থেকে বাবর দেশে আসেন। একইদিন সন্ধ্যার দিকে মরিয়মনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলগাজী পাড়া এলাকায় ঘটে দ্বিতীয় মর্মস্পর্শী ঘটনাটি। সেখানে কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামের আরেক প্রবাসীর লাশ। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, প্রবাসী দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

গত শুক্রবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিত্সকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পচন ধরেছিল। চিকিৎসক ফারাহ ফেরদৌসীর মৃত্যুতে শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন তার ছোট বোন নজুলা ফেরদৌস। ফারাহর কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা শুক্রবার বিকালে শাহবাগ থানায় খবর দেন। মৃত ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০২২ সাল থেকে তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাকী ভাড়া থাকতেন।

Related Articles

Back to top button