সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি বুলিং বেড়ে গেছে: বিএনপি প্রার্থী সেলিনা

অনলাইন ডেস্ক: দেশে নারীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বুলিং বেড়ে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভালো পরিবারের নারীরা রাজনীতিতে আসবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ কথা জানান।
সেলিনা সুলতানা নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেওয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট-দশটি নির্বাচনের মত না। অনেককে গুম-খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।
তিনি বলেন, ‘আমরা যতই নারী শাসন বা আইনের শাসনের কথা বলি না কেন, ৫ আগস্টের পরে বাংলাদেশে কী হচ্ছে, আপনারা একটু দেখবেন। আমরা কেন সাইবার বুলিংয়ের শিকার হব? আপনার মা, বোন বা কন্যাকে কি আপনি এভাবে কথা বলতে পারেন?’
জানা যায়, সেলিনা সুলতানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটির ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি।
এদিকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এসময় বিএনপির অন্য প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি এত দিন নিজ এলকায় কাজ করেছিলাম। স্বীকৃতি ছিল না। আজ স্বীকৃতিও পেলাম। তাই দলের প্রতি কৃতজ্ঞতা।’
এসময় তিনি দল ও দেশের জন্য কাজ করার জন্য সবার সহযোগিতা চান।
এর আগে, সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে ১০ জন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতাদের স্ত্রী ও কন্যা ৭ জন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জন, ছাত্রদল থেকে উঠে আসা ৬ নেত্রী এবং গত নির্বাচনে পরাজিত ৩ প্রার্থী রয়েছেন। এছাড়া বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত নেত্রীও মনোনয়ন পেয়েছেন।




