‘ভাজা ২’: মালয়ালম সিনেমার নতুন ইতিহাস, ১৫ দিনেই বিশ্বজুড়ে আয় ২০০ কোটি

অনলাইন ডেস্ক: দক্ষিণ ভারতে মালয়ালম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো ইতোমধ্যেই শক্ত জায়গা করেছে। মালয়ালম ইন্ডাস্ট্রির নির্মাতারা কম বাজেটে হিট সিনেমা উপহার দেওয়ায় বেশ দক্ষ। সে প্রমাণ তারা অনেকবারই দিয়েছেন। বড় আয়োজন কিংবা বড় তারকার পেছনে অর্থ না ঢেলে তারা বরং জোর দেন শক্তিশালী গল্প, চিত্রনাট্য এবং বাস্তবসম্মত অভিনয় ও চিত্রায়ণে। 

‘রোমাঞ্চম’, ‘প্রেমালু’, ‘মানজুম্মেল বয়েজ’, ‘মালিকাপ্পুরাম’সহ অসংখ্য সিনেমার উদাহরণ পাওয়া যাবে মালয়ালম ইন্ডাস্ট্রিতে, যেগুলো তৈরি হয়েছে ৩ থেকে ৫ কোটি রুপির মধ্যে। অথচ পেরিয়েছে শতকোটির মাইলফলক। তবে ‘ভাযা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রাদার্স’ যা করে দেখালো, তা এককথায় অবিশ্বাস্য।

সিনেমা এক্সপ্রেসের প্রতিবেদন অনযায়ী, গেলো রোববার ‘ভাযা’ সিনেমাটির নির্মাতারা ঘোষণা করেছেন যে এটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ থেকে ২০০ কোটিরও বেশি আয় করেছে। এর ফলে, এটি মালয়ালম সিনেমার পঞ্চম সিনেমা হিসেবে ২০০ কোটির অঙ্ক পার করলো। 

নবাগত নির্মাতা সাভিন এস পরিচালিত ‘ভাযা ২’ মুক্তি পায় ২ এপ্রিল। সিনেমাটি মাত্র ১৫ দিনে কেরালার বক্স অফিসে আয় করেছে ১০০ কোটির বেশি। আর বিশ্বজুড়ে পেরিয়ে গেছে ২০০ কোটির ঘর।

চিত্রনাট্যকার ভিপিন দাস জানিয়েছেন, ‘ভাযা ২’ এখন সবচেয়ে কম সময়ে শতকোটির ক্লাবে প্রবেশ করা মালয়ালম সিনেমা। 

এর আগে ‘থুডারুম’ ১৯ দিনে ও ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’ শতকোটি আয় করেছিল ২৪ দিনের মাথায়। সেই সব রেকর্ডকে পেছনে ফেলে দিয়ে নতুন শীর্ষস্থান দখল করেছে ‘ভাযা ২’।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ভাযা: বায়োপিক অব আ বিলিয়ন বয়েজ’ সিনেমার সিকুয়েল ‘ভাযা ২’। 

প্রথম পর্বটি পরিচালনা করেন আনন্দ মেনন, দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে বসেন সাভিন এস। অবাক করার মতো বিষয় হলো, এ সিনেমায় কোনো বড় মাপের সুপারস্টার নেই। 

একদল তরুণ প্রতিভা আর তাদের তুখোড় অভিনয় দিয়েই বাজিমাত করেছে সিনেমাটি। 

‘ভাযা ২’ দিয়ে মালয়ালম ইন্ডাস্ট্রি আবারও প্রমাণ করেছে, বড় তারকা নয়, বরং শক্তিশালী গল্পই বক্স অফিসের আসল রাজা।

‘ভাযা ২’ সিনেমার কেন্দ্রে রয়েছে হাশির, অ্যালান, অজিন ও বিনায়ক নামের চার বন্ধু। পড়াশোনায় তারা খুব একটা ভালো নয়। সমাজের চোখে তারা অকর্মণ্য। পুরো সিনেমার প্রাণ এই চার বন্ধুর অটুট বন্ধুত্ব। 

শত বাধা, অপমান আর ব্যর্থতার মাঝেও তারা যেভাবে একে অপরের পাশে থাকে, তা দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে। বড়দের অবহেলা বা অতিরিক্ত শাসন কীভাবে কিশোরদের বিপথে নিয়ে যেতে পারে, তা-ও দেখানো হয়েছে গল্পে। 

কমেডির আড়ালে তুলে আনা হয়েছে তরুণদের জীবনের রূঢ় সত্য। সে কারণেই কোনো বড় তারকা ছাড়াই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

‘ভাযা ২’-এর এই অভাবনীয় সাফল্যের পর ‘ভাযা ৩’ সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা। তৃতীয় পর্বের গল্পে নারীদের সংকট উঠে আসবে বলে জানা গেছে।

Related Articles

Back to top button