রাগ নয়, মজার ছলেই ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে সম্প্রতি রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন না দীপিকা এবং কেন স্বামীর সাফল্যে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনার মধ্যেই অবশেষে মুখ খুললেন এই অভিনেত্রী।
তবে সমালোচনার জবাব দিতে গিয়ে রাগ না দেখিয়ে বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন দীপিকা। সম্প্রতি একটি ভাইরাল রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে?
এমনমন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘দ্বিতীয়টাই সত্যি, আমার বন্ধু… আমি “ধুরন্ধর ২” তোমাদের সবার আগেই দেখে ফেলেছি।’ এরপর মজার ছলে যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’
দীপিকার এই সংক্ষিপ্ত কিন্তু বুদ্ধিদীপ্ত জবাব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার ভক্তরাও সমালোচকদের পাল্টা জবাব দিতে শুরু করেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’




