সুনামগঞ্জে ২ গ্রামের পৃথক সংঘর্ষে দুইজন নিহত

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রামে পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। গতকাল বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায়রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রফিনগর গ্রামের গিয়াস উদ্দিন (৬০) ও সাদিরপুর গ্রামের আহাদ নূর (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিনগর গ্রামে আব্দুল জিহাদের পক্ষের লোকজনের সঙ্গে শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে হাঁস খাওয়াকে কেন্দ্র করে কথাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
অপরদিকে একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার (মাঠ) রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হোসাইন মিয়া ও আহাদ নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহাদ নূর (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




