ফরিদপুরে ডিজেল মজুদ রেখে পাম্প বন্ধ, ড্রামে অকটেন বিক্রির সময় ধরা

অনলাইন ডেস্ক: ফরিদপুরে ৪ হাজার ৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা ও ড্রামে করে অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরার পর একটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও একটি পাম্পে অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রির সময় সংশ্লিষ্টদের হাতেনাতে ধরা হয়। পাশাপাশি পাম্পটি বন্ধ রেখে ৪৬০০ লিটার ডিজেল মজুত করে রাখা হয়েছিল। এছাড়া ডিজেল-২ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদ উত্তীর্ণ থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সদর উপজেলার বাহেরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২২০০ লিটার পেট্রোল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রি চালু সাপেক্ষে তাদের জরিমানা করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী জানান, অবৈধভাবে তেল মজুদ রেখে পাম্প বন্ধ রাখা এবং অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




