এক দিনে কি ইরান দখল করা সম্ভব?

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন—তিনি চাইলে ইরানকে এক দিনের মধ্যেই দখল করে নিতে পারেন। তিনি ইরানের তেলক্ষেত্রও দখল করতে পারেন। কিন্তু মার্কিনিরা সেটা চান না। তারা চান ইরান যুদ্ধ থেকে আমেরিকা ফিরে আসুক। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই তথ্য কতটা সত্যি—তা নিয়ে চলছে আলোচনা। আমেরিকা সত্যিই সেটা পারে কি না, তা নিয়ে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে—বাস্তবে সেটা সম্ভব নয়।
গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের একজন ফেলো এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা পিটার লেটন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইরানের শত শত বিদ্যুেকন্দ্র এবং সম্ভবত কয়েক লাখ সেতু ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঠিক কী পরিমাণ শক্তি একত্রিত করতে পারে। কৌতূহলী হয়ে লেটন একটি কাল্পনিক (বিশেষভাবে উল্লেখ্য, কাল্পনিক) অভিযানের জন্য কিছু হিসাব কষে দেখান।
তিনি দেখান, ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমানের একটি ফ্লাইট একটি একক অভিযানে মোট ৯৬টি ২ হাজার পাউন্ডের জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বহন করতে পারে। যদি ধরে নেওয়া হয় যে তারা দিনে দুটি ফ্লাইট পরিচালনা করতে পারবে, তাহলে সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানলে মোট ১৯২টি বোমা পড়বে। এর সাথে যদি ৪০টি এফ-১৫ বিমানের একটি যৌথ যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনী যোগ করা হয়, যার প্রতিটি ছয়টি করে ২ হাজার পাউন্ডের জেডিএএম বহন করবে, তাহলে আরো ২৪০টি বোমা বর্ষণ করা সম্ভব। সব মিলিয়ে, অগণিত লক্ষ্যবস্তুর জন্য মোট ৩৩২টি বোমার প্রয়োজন হবে এবং প্রতিটি বোমা লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও, তাতে কাজ না-ও হতে পারে বলে মনে করেন লেটন।
সিএনএন জানায়, লেটনের মতে, বোমাগুলো প্রতিটি লক্ষ্যবস্তুতে কিছুটা ক্ষতিসাধন করবে, কিন্তু মাঝারি থেকে বড় সেতু ধ্বংস করার সম্ভাবনা কম (এটি অনেক বিষয়ের ওপর নির্ভর করে)। বিদ্যুেকন্দ্রগুলো সাধারণত বিশাল লক্ষ্যবস্তু, তাই একটি আঘাতে বড় ধরনের ক্ষতি করার জন্য খুব সতর্ক পরিকল্পনার প্রয়োজন।
তার মতে, এসব বিদ্যুেকন্দ্রগুলো শক্তিশালীও। এদের মূল কাঠামোর অংশ হিসেবে প্রচুর রিইনফোর্সড কংক্রিট থাকে বলে তিনি জানান। কিন্তু ক্ষতি যে হতে পারে, তা তিনি উড়িয়ে দেননি। বিদ্যুেকন্দ্রগুলো সম্পর্কে লেটন বলেন, ‘ভেতরে ঢুকতে পারলে জেনারেটরগুলোর ক্ষতি করা সম্ভব এবং সেখানে কখনোই কোনো অতিরিক্ত জেনারেটর থাকে না।’
অবশ্যই, যুক্তরাষ্ট্র এর সাথে বি-১ বোমারু বিমান (প্রতিটিতে ২৪টি জেডিএএম) বা বি-৫২ (প্রতিটিতে প্রায় ২০টি জেডিএএম) যুক্ত করতে পারে। কিন্তু তারপরেও এক রাতে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়ার যুক্তরাষ্ট্রের ক্ষমতা বড় সন্দেহজনক।




