অস্ত্রোপচারে নারীর পেটে পাওয়া গেলো আট কেজির টিউমার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান অস্ত্রোপচারটি পরিচালনা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার একটি গ্রামের এক নারী তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে গতকাল বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। বিশাল আকারের টিউমারের আকার দেখে বিস্মিত হন চিকিৎসকেরা।

এ বিষয়ে ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

চিকিৎসক আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

এই বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।

প্রসঙ্গত , মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ইতোমধ্যে আলোচিত ডা. মো. আরিফ উল হাসান। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

Related Articles

Back to top button