প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে প্রয়োজন অনুযায়ী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে দেশে ফিরে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজন অনুযায়ী তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব দেশে প্রয়োজন হবে, সেসব ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আরও মেয়াদ বাড়ানো হবে।
প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা যাতে নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজন হলে দেশে ফিরতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের মধ্যে ৩ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
এ সময় অবৈধ পথে বিদেশগামীদের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, মানবপাচারের কারণে অনেক প্রবাসী প্রাণ হারাচ্ছেন এবং বিভিন্ন দেশে আটকা পড়ছেন। তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।




