ময়মনসিংহে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণের প্রায় দুই হাজার কেজি চাল জব্দ করেছে প্রশাসন। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ ভবনের নিকটবর্তী এলাকায় অবস্থিত খামারগাঁও বাজারের একটি দোকান থেকে চালের বস্তাগুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আহম্মদ।
জব্দ করা চাল থানায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, গত দুইদিন ধরে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে দুঃস্থ অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য ঈদ উপলক্ষে ভিজিএফ প্রকল্পের চাল বিতরণ করা হচ্ছে। রোববার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার সালাউদ্দিন আহম্মদ ওই খামারগাঁও বাজারের গিয়ে বকুল মিয়া ও মতি মিয়ার দোকান থেকে প্রায় ৩৪টি বস্তায় ভরা মোট দুই হাজার কেজি চাল উদ্ধার করেন। তবে উদ্ধারের সময় চালগুলো সাধারণ বস্তায় রাখা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় চারজন বাসিন্দা জানান, উপকারভোগীরা ভিজিএফ কার্ডগুলো ওই দোকান মালিকদের কাছে কম দামে বিক্রি করে দিয়েছেন। পরে দোকানদাররা সেই কার্ড দেখিয়ে বরাদ্দের চাল ইউপি থেকে উত্তোলন করে দোকানে নিয়ে সাধারণ বস্তায় ভরে মজুদ করে রাখেন।
দোকানদার বকুল মিয়ার দাবি, তিনি সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে এসেছেন। তার ছোট ছেলে কিছু না বুঝে অন্যদের দেখাদেখি কিছু চাল কিনেছে। গ্রামের অনেক কার্ডধারী এসব চাল উত্তোলন করার সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেন। ওনারা বিক্রি করেছেন বলেই আমাদের লোকজন চাল ক্রয় করেছে। এতে আমাদের ছেলের অপরাধ কি?
চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভুইয়া বলেন, উপকারভোগীরা পরিষদ থেকে চাল সংগ্রহ করে নিয়ে কী করেছেন তা আমার জানার কথা নয়। আমাদের এখানে চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি।
সহকারী কমিশনার সালাহউদ্দিন আহম্মেদ জানান, চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



