উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারীর গুলি

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে এসে মোটরসাইকেলযোগে দুই হেলমেটধারী দুর্বৃত্ত গুলি চালিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম, যিনি এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

ব্যবসায়ীর এক আত্মীয় পরিচয় দেওয়া ব্যক্তি জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়ির সামনে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি ঘুরে দেখে। কিছুক্ষণ পর আশপাশে লোকজন কমে গেলে তারা আবার ফিরে এসে গুলি চালিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বা তার পরিবারের কেউ মন্তব্য করতে রাজি হননি।

বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, গুলির সময় তিনি পার্কিং এলাকায় ছিলেন এবং অন্য নিরাপত্তাকর্মী মনির গার্ডরুমে খাবার খাচ্ছিলেন। তিনি ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাড়িটির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর র‍্যাব, পুলিশ, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আলামত উদ্ধার করেছেন।

Related Articles

Back to top button