ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী শক্তি আবারও ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে। এক্ষেত্রে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি সংসদ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় জাবির রাজনৈতিক সহাবস্থানের প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় জাতীয় ইস্যুগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব পরিলক্ষিত হয়। আমি দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম বন্ধুত্বপূর্ণ ও সুস্থ রাজনীতির আশা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আজকের এই আয়োজনে এসে জুলাইয়ের চেতনা যেন পুনরায় উজ্জীবিত হয়েছে। বৈচিত্র্যের নামে আমাদের মাঝে যে বিভাজন, তা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।




