মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না অনেক সিনিয়র নেতা

আব্বাস, রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

অনলাইন ডেস্ক: মন্ত্রী-প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৯ জনকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছেন, সেখানে বাদ পড়েছেন বিএনপির অভিজ্ঞ নেতাদের কয়েক জন। গত কয়েক দিন ধরে যাদের নাম আলোচনায় থাকলেও মন্ত্রিসভা থেকে তারা বাদ পড়েন। তাদের মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আছেন। রয়েছেন ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর নেতাও। এদিকে বিকালে মন্ত্রিপরিষদের তালিকায় নাম না থাকলেও সন্ধ্যায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভীসহ পাঁচ জনকে মন্ত্রী পদমর্যাদায়, পাঁচ জনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি বলেছেন, ‘বাদ পড়া সিনিয়রদের মধ্যে কেউ কেউ হয়তো পরবর্তী সময় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন’। তবে তারেক রহমানের এই নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখা গেছে। বিশেষ করে দলের স্থায়ী কমিটির বেশ কয়েক জন জ্যেষ্ঠ নেতা ও রাজপথের পরিচিত মুখকে এই তালিকায় দেখা যায়নি। মন্ত্রিসভায় ডাক না পাওয়া শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান। যদিও এদের মধ্যে জমির উদ্দিন সরকার শারীরিকভাবে অসুস্থ। এছাড়া সিনিয়র নেতা আমানউল্লাহ আমান নেই মন্ত্রিপরিষদে। এছাড়া সিনিয়র নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন দলের মনোনয়ই পাননি। আলোচনা ছিল টেকনোক্র্যাট কোটায় তাদের কেউ মন্ত্রিসভায় নেতা হতে পারেন। কিন্তু তেমনটি দেখা যায়নি। 

গতকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথের পর বিকালে জাতীয় সংসদে মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারেক নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক দুই নেতাও রয়েছেন। অনেকেই প্রথম বার এমপি হয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন।

সাবেক মন্ত্রীদের মধ্যে মীর নাছির, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, লুত্ফুজ্জামান বাবরের নাম আলোচনায় থাকলেও তারেক রহমানের মন্ত্রিসভায় তারা নেই। বিএনপির নেতাদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম আলোচনায় থাকলেও, তার ঠাঁই হয়নি। নতুন মন্ত্রিসভায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এনডিএমের ববি হাজ্জাজ দায়িত্ব পেয়েছেন। তবে বিএনপির সঙ্গে যুগপত্ আন্দোলনে শরিক হওয়াদের মধ্যে বিজেপির আন্দালিব রহমান পার্থ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু বা ধর্মভিত্তিক দলগুলোর কোনো নেতার জায়গা হয়নি মন্ত্রিসভায়।

আব্বাসরিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

এদিকে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।

Related Articles

Back to top button