ঝালকাঠি

ইনকিলাব মঞ্চের নেতাদের ওপর ‘হামলার প্রতিবাদে’ সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর ‘গুলিবর্ষণসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার’ প্রতিবাদে ঝালকাঠি শহরে ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধরা।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শহরে ফায়ার সার্ভিস মোড়ে সড়ক অবরোধ করেন তারা। সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান বলে জানা গেছে।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর গুলি চালানো এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলা প্রমাণ করে যে ভিন্নমত দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হচ্ছে। তারা অভিযোগ করেন, এসব ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই। ইনকিলাব মঞ্চের নেতাদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশজুড়ে প্রতিবাদ আরও জোরদার করা হবে। একই সঙ্গে তারা সরকারের শীর্ষ মহলের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে হাদি হত্যার বিচার দাবি করেন তারা।
বিক্ষোভ ও সড়ক আন্দোলন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ইয়াসিন ফেরদৌস ইফতি, রাইয়ান বিন কামাল ও সাগর মাহমুদসহ আরও অনেকে।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যায় সড়ক অবরোধ করেছিল আন্দোলনকারীরা। সাড়ে ৯টার দিকে আলাপ আলোচনার মাধ্যমে তারা সড়ক ছেড়ে দেয়। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।




