ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক: কনকনে শীতের তীব্রতা কিছুটা কমে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে দেশের বিভিন্ন এলাকা। এ অবস্থায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে আবারও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। একই সঙ্গে এ মাসে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে রোববার (১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সংস্থাটি জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে চলতি মাসের শেষের দিকে অন্তত ২ দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে চলতি ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




