সাফ আয়োজন করতে চায় ছয় দেশ

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শেষ হয়েছে ফুটসাল টুর্নামেন্ট। গতকাল সেখানে অনুষ্ঠিত হয় সাফের কংগ্রেস। কাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাফের সভায় উঠে এসেছে সাফের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। আসছে টুর্নামেন্ট এক ভেন্যুতে হবে। সাফ চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়েতে হওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু সেখান থেকে সরে এসেছে। সাফ হবে এক ভেন্যুতে। এক দেশে সব খেলা হবে।
আগামী সাফ কোথায় হবে সেটি চূড়ান্ত হয়নি। সাফের সূত্রে জানা গেছে ভুটান ছাড়া ছয় দেশ সাফ আয়োজন করতে চায়। ছয় দেশের মধ্যে ভারত থাকলেও তারা গত সাফ আয়োজন করেছে। ভারতের সঙ্গে নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ এগিয়ে রয়েছে। বাংলাদেশ সব শেষ সাফ আয়োজন করেছিল ২০১৮ সালে। আগামী সাফ আয়োজনে বাংলাদেশের আগ্রহ আছে, সেটি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও জানিয়েছিলেন।
তবে আয়োজক নির্ধারণে সাফ দেখতে চায় কাদের ভেন্যু সবচেয়ে ভালো, অন্যান্য সুযোগ-সুবিধায় কে কতটা এগিয়ে, তারা অগ্রাধিকার পাবে। সাফ আয়োজনের ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত হবে দুই মাসের মধ্যে।
সাফের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। সভাপতি নির্বাচনে প্রার্থীর বয়সের বাধা তুলে নেওয়া হয়েছে। এটি আগেই সাফের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল সেটি কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া হয়েছে। ফলে সাফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন চাইলে পুনরায় সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। এএফসিও তাদের গঠনতন্ত্রে সভাপতি পদপ্রার্থীর বয়স বাধা তুলে নিয়েছে।
এএফসিকে অনুসরণ করে সাফও একই পথে হেঁটেছে। সাফ পুরুষ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপ। গতকাল অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপ ৫-২ গোলে শ্রীলঙ্কাকে হারায়। একই দিন ভারত ৪-১ গোলে পাকিস্তানকে হারিয়ে রানার্সআপ হয়েছে।




