প্রাথমিক বিদ্যালয়ের অদ্ভুত চিত্র

বিদ্যালয়ের শিক্ষার্থী ৬০ জন, উপস্থিত ১ জন
অনলাইন ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও ওই দিন দুপুর পর্যন্ত মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত ছিল। অথচ বিদ্যালয়ের ভর্তি খাতায় শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬০ জন শিক্ষার্থীর নাম রয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় অবকাঠোগত সুযোগ-সুবিধার কোনো ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ ভালো অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন বলেন, মাদ্রাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
মাদারগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




