হাটহাজারীতে পাঁচ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হাজী সফর আলী সড়কসংলগ্ন একটি দোকানে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার স্বার্থে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো হয়। যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।




