ভারতে নিউজিল্যান্ডের রেকর্ড গড়ে জয়

অনলাইন ডেস্ক: লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত ভারতের কাজে আসেনি। উইকেটকিপার এই ব্যাটার ১১২ রানের ইনিংস খেললেও ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৮৪ রান। ড্যারেল মিচেলের অনবদ্য সেঞ্চুরিতে সেই লক্ষ্য অনায়াসেই টপকে যায় নিউজিল্যান্ড। ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।
ভারতের বিপক্ষে আগের তিন ওয়ানডের দুটিতে ১৩০-এর বেশি রানের ইনিংস খেলা মিচেল রাজকোটে আজও ছিলেন দুর্দান্ত। ২ উইকেটে ৪৬ রানের সময় ব্যাট করতে নেমে তিনি অপরাজিত থাকেন ১৩১ রানে। ১১৭ বলের এই ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
মিচেলকে দারুণভাবে সঙ্গ দেন উইল ইয়ং। ৮৭ রান করে দু’জন মিলে গড়েন ১৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষদিকে গ্লেন ফিলিপস ২৫ বলে ৩২ রান করে দলের জয়ে অবদান রাখেন। ডেভন কনওয়ে করেন ১৬ এবং হেনরি নিকোলস যোগ করেন ১০ রান।
ভারতের পক্ষে একটি করে উইকেট নেন হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
ওয়ানডেতে ভারতের মাটিতে এটা নিউজিল্যান্ডের রেকর্ড রান তাড়া করার নজির। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রান তাড়া করে জেতার ঘটনাটিই ছিল শীর্ষে। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসলো। পাশাপাশি ১৮ জানুয়ারি ইন্দোরের ম্যাচটি পরিণত হলো অঘোষিত ফাইনালে। যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।
তবে নিউজিল্যান্ড জিতলে একটি রেকর্ডও হবে। ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে নিউজিল্যান্ড ৯টি ওয়ানডে জিতলেও একবারও সিরিজ জিততে পারেনি। গত বছর জিতেছিল প্রথম টেস্ট সিরিজ, এই বছর কি ওয়ানডে সিরিজ?
রাহুলের সেঞ্চুরির পাশাপাশি ভারতের ২৮৪ রানে ভালো অবদান ছিল শুভমান গিলের। ওয়ানডে ক্যাপ্টেন ৫৬ রান করেন। রবীন্দ্র জাদেজা ২৭, রোহিত শর্মা ২৪, বিরাট কোহলি ২৩ ও নিতিশ কুমার রেড্ডি ২০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৫৬ রানে ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক। কাইল জেমিসন, জ্যাক ফকস, মাইকেল ব্রেসওয়েল ও অভিষিক্ত জেয়দেন লেনক্স নেন একটি করে।




