ঘুষের সোয়া লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক: মৃত স্ত্রীর পেনশনের ফাইল ছাড় করাতে ঘুষ নেওয়ার অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে এক লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আইনানুগ কার্যক্রম শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।
দুদক সূত্র জানায়, যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা আক্তার নানা রোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ২৩ আগস্ট মারা যান। মৃত্যুর পর অবসরকালীন আজীবন পেনশনের জন্য তার স্বামী ও স্কুলশিক্ষক মোহাম্মদ নুরুনবী গত বছরের ৩০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন।
অভিযোগ রয়েছে, আবেদন জমা দেওয়ার পর থেকেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম নুরুনবীকে দফায় দফায় হয়রানি করতে থাকেন এবং দীর্ঘদিন ধরে পেনশনের ফাইলে স্বাক্ষর না করে গড়িমসি করেন। একপর্যায়ে ফাইল ছাড়ের জন্য তিনি এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এই ঘটনায় নুরুনবী যশোর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
সেই অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনে বুধবার বিকেলে একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবস্থান নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী নুরুনবী ঘুষের টাকা প্রদান করলে সন্ধ্যায় দুদক সদস্যরা টাকাসহ মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেন।
অভিযানের সময় দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ নুরুনবী বলেন, মৃত স্ত্রীর পেনশনের ফাইল স্বাক্ষরের জন্য অসংখ্যবার জেলা কর্মকর্তার দপ্তরে গেছি। তিনি আমাকে মানসিকভাবে হেনস্তা করেছেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে আমাকে শাস্তিস্বরূপ ঝিকরগাছা থেকে সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। এমনকি পা ধরে অনুনয় করলেও তিনি হুমকি দেন। বাধ্য হয়ে ঘুষের টাকা নিয়ে তার দপ্তরে আসলে দুদক তাকে আটক করে।
দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়ে অবহিত করা হয়। অনুমোদন সাপেক্ষে অভিযান পরিচালনা করে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয়। এ ঘটনায় দুদক কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তকালে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আল-আমিন আরও জানান, এ ঘটনায় দুদক যশোর কার্যালয়ে মামলা করা হয়েছে এবং আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করা হয়েছে।




