নির্বাচনে পাহাড়ে প্রার্থী দিচ্ছে না সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস

অনলাইন ডেস্ক: আগামী ১২ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। সংসদীয় আসন ২৯৯ নম্বর রাঙ্গামাটি ও ৩০০ নম্বর বান্দরবান আসনে প্রার্থী দেওয়ার জোর গুঞ্জন থাকলেও কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সভায় নির্বাচনে প্রার্থী না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিসিজেএসএস’র প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক সজীব চাকমা। তিনি জানান, ‘সরাসরি নিজের প্রার্থী দিয়ে বা কাউকে সমর্থন জানিয়ে নির্বাচনে অংশ করবো- এমনই আলোচনা, চিন্তা-ভাবনা ছিল। সর্বশেষ দেশের এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিবেচনা করে সরাসরি প্রার্থী না দেওয়ার পক্ষে আমরা অধিকাংশ মত পেয়েছি। ফাইনালি সেটাই হচ্ছে বলে ধরে নেওয়া যায়।’

নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা নির্দলীয় প্রার্থীকে পিসিজেএসএস সমর্থন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সজীব চাকমা জানান, ‘এ নিয়ে আপাতত কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি। তবে আমরা প্রার্থীদের পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতি অনুকূল থাকলে কোনো একজনকে সমর্থন জানাতে পারি। তবে এখনই তা চূড়ান্ত হয়নি।’

পিসিজেএসএস’র দলীয়সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংসদীয় আসনগুলোতে প্রার্থী হওয়ার বিষয়ে নেতাকর্মীদের একাংশের আগ্রহ থাকলেও কেন্দ্রের শীর্ষ নেতারা এ নিয়ে দোদুল্যমান ছিলেন। শেষ পর্যন্ত কর্মী ও সমর্থকদের মতামত যাচাই করা হয়। অধিকাংশ কর্মীই বর্তমান পরিস্থিতিতে প্রার্থী না দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাদের যুক্তি,পার্বত্য অঞ্চলে অতীতের নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয় এবং সমতলের মতো এখানে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশসৃষ্টি করা কঠিন। সমর্থকদের এই শঙ্কা ও মতামতকে মূল্যায়ন করে কেন্দ্রীয় নেতারা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত এক সমাবেশে পিসিজেএসএসের কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এরপর থেকে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারের পক্ষে ভেতরে-ভেতরে প্রচারণা চালিয়েছিলেন। একইভাবে ৩০০নং বান্দরবান আসনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদককে এস মংমারমা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা ও চালিয়েছিলেন। তবে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে পিসিজেএসএস’র কোন প্রার্থী প্রচারনা চালায়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে এখন আর তারা নির্বাচনে লড়ছেন না।

উল্লেখ্য, পিসিজেএসএস ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং রাঙ্গামাটি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে ঊষাতন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৮ সালের নির্বাচনে ঊষাতন তালুকদারকে কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছিল বলে দলের নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন।

Related Articles

Back to top button