জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ স্মৃতিসৌধের প্রবেশমুখ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকা ভরে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে তারা সেখানে জড়ো হন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ স্মৃতিসৌধে আসবেন- এ খবরেই দুপুর থেকে আমরা এখানেই অপেক্ষা করছি। এই দিনটি আমাদের জন্য আনন্দের।’

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নেতা দেশে ফিরেছেন। তাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন।’

নেতাকর্মী মামুন হোসেন বলেন, ‘তারেক রহমান সাভারে আসছেন। আমাদের জন্য এটি সৌভাগ্য। তাই সকাল থেকেই আমরা স্মৃতিসৌধে অবস্থান করছি।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলে দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে গুলশানের বাসায় ফিরেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বনানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এরপরই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন।

Related Articles

Back to top button