রাবি সভাপতি আর জাবি সেক্রেটারির বক্তব্য ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’: ইসলামী ছাত্রশিবির

অনলাইন ডেস্ক: বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে। তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান।
তবে তাদের সাম্প্রতিক বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এসব বক্তব্যকে সংগঠনের অবস্থান হিসেবে উপস্থাপন করাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও দাবি করেছে সংগঠনটি। রোববার (২১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ কথা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, “রাবি সভাপতি ও জাবি সেক্রেটারির বক্তব্য তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এটি ছাত্রশিবিরের কোনো অফিসিয়াল বক্তব্য বা অবস্থান নয়।” তারা জানান, সংশ্লিষ্ট দায়িত্বশীলরা ইতোমধ্যে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’-এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।
নেতারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবিরকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
ছাত্রশিবির নেতারা আরও বলেন, গণমাধ্যম বা কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের সহিংসতা তারা কোনোভাবেই সমর্থন করে না।


