কেউ যদি বেঁচে থাকতে চান, তবে আর কখনো রাস্তায় বের হবেন না: নয়ন

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কেউ যদি বেঁচে থাকতে চান, তবে আর কখনো রাস্তায় বের হবেন না।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানী নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে রবিউল ইসলাম নয়ন আরও বলেন, আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এলাকার ভেতরে কেউ নামলে খোদার কসম কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, আজও কয়েকজন ব্যক্তিকে আটক করার পর তিনি নিজে তাদের রক্ষা করেছেন, তবে রাতের অন্ধকারে যারা আগুন বা নৈরাজ্য সৃষ্টি করতে আসবে, তারা কোনোভাবেই পার পাবে না এবং হাতেনাতে ধরা খাবে।
এ সময় কিছু সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিও বার্তা দেন এই যুবদল নেতা। তিনি বলেন, যারা অতীতে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ করেছেন এবং বর্তমানে নিজেদের নিরাপদ করতে বিএনপির লেবাস ধারণ করার চেষ্টা করছেন, তারা কোনোভাবেই পার পাবেন না। স্বৈরাচার হাসিনার দল ও দোসরদের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে মানবতার সব দরজাও বন্ধ হয়ে গেছে বলে কঠোর সতর্কবার্তা দেন তিনি।



