বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু সাহেব থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমান বন্দরে এসেছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে আসে।

ওসি জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এই তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলা এখনও তদন্তাধীন আছে। তিনি ৫ আগস্ট পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হবে।

Related Articles

Back to top button