কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে কিনতে লাগে ২ হাজার ৫০০ টাকা: আখতার

অনলাইন ডেস্ক: ভারতে কম দামে এলপিজি গ্যাস পাওয়া গেলেও বাংলাদেশে অতিরিক্ত দামে কিনতে হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। গ্যাসের এমন বৈষম্যমূলক দাম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে কলকাতায় ১ হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে কেন ২ হাজার ৫০০ টাকায় তা কিনতে হবে—এর জবাব স্বয়ং জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সার্বিক পরিস্থিতির জন্য সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিযুক্ত করে আখতার হোসেন বলেন, সরকার গঠনের নয় মাস পার হয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শক্তিশালী মানবাধিকার আইনের প্রত্যাশা করা হলেও সরকার ইচ্ছামতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রেখে দুর্বল আইন প্রণয়ন করেছে। এমনকি অভ্যুত্থানে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন।

সম্প্রতি বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা দেশের বর্তমান আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বাজেট-পরবর্তী দ্রব্যমূল্যের অব্যাহত দাম বৃদ্ধি রোধে ব্যর্থ হওয়া এবং বিদ্যুৎ ও স্বরাষ্ট্র খাতে অচলাবস্থা তৈরির দায়ে অবিলম্বে সংশ্লিষ্ট দুই মন্ত্রীর পদত্যাগের জোর দাবি জানান তিনি।

Related Articles

Back to top button