চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টা, যুবক আটক

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে জোরপূর্বক পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টার অভিযোগে সুরেশ কান্তি দাশ (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটকোলামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুরেশ কান্তি দাশ পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর পথরোধ করে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর আচরণ করেন সুরেশ। একপর্যায়ে তিনি জোরপূর্বক ওই ছাত্রীকে জড়িয়ে ধরে তার পরনের পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী ছাত্রীর আকস্মিক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে রশি দিয়ে বেঁধে রেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।

খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরেশ কান্তি দাশকে নিজেদের হেফাজতে নেন। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসাছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়া ওই যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আটক যুবককে ফাঁড়িতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button