সিনেমা দেখতে গিয়ে নারীর মৃত্যু

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

অনলাইন ডেস্ক: ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার স্ক্রিনিংয়ে এক নারীর পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আদালতে সশরীরে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। টানা দুই বছর এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে আইনি বিপাকে রয়েছেন নায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়।

সেখানেই ঘটে অঘটন। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে হাজার হাজার ভক্ত ভিড় করেন। অতিরিক্ত ভিড়ে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। ওই ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়।


 
এ ঘটনায় মামলা হলে আল্লু অর্জুন সহ তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আল্লু অর্জুন গ্রেফতার হন। এক রাত পুলিশ হেফাজতে থাকার পর তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন মঞ্জুর করেন।

জানা যায়, সম্প্রতি হায়দরাবাদের এক আদালতে ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।  তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।

এই চার্জশিটের ভিত্তিতেই আদালত আল্লু অর্জুন সহ ২০ অভিযুক্তকে জরুরী ভিত্তিতে আগামী সোমবার (২২ জুন) তলব করেছে। ওই দিন থেকেই এ মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হবে।

Related Articles

Back to top button