জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অনলাইন ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান। 

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে নিজের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে পেশ করার মাধ্যমে তিনি দায়িত্ব শুরু করেন।

আন্তর্জাতিক আইন, আইনের শাসন, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও শরণার্থী সুরক্ষায় দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন আইরিন খান ২০২০ সাল থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্বরত ছিলেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে বিশ্বব্যাপী দায়িত্ব পালন করেন।

আইরিন খান আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার (আইডিএলও) মহাপরিচালক হিসেবে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) দীর্ঘ ২১ বছর কর্মরত ছিলেন, যেখানে তিনি ভারতে চিফ অব মিশন এবং আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

হার্ভার্ড ল স্কুল এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা আইরিন খান ২০০৬ সালে সম্মানজনক ‘সিডনি পিস প্রাইজ’ লাভ করেন। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক বহুল পরিচিত বইটির লেখক।

Related Articles

Back to top button