রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রোববার

অনলাইন ডেস্ক: বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চের আগামীকাল রোববারের (১৬ আগস্ট) কার্যতালিকায় মামলাটি ২২ নম্বরে রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি এবং মাগুরার শিমু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরপরই শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানির কার্যক্রম শুরু হতে পারে।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর ২৫ জুন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তাকে অপরাধে পূর্ণ সহায়তা করার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই দুই আসামি কনডেম সেলে বন্দী রয়েছেন এবং সেখান থেকে তারা বিচারিক আদালতের দণ্ডের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন।

Related Articles

Back to top button