হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে বাবুনগর মাদরাসার উদ্দেশে রওনা হন তিনি।
বাবুনগর মাদরাসায় সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। কবরটি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় অবস্থিত।
এর আগে গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। সকালে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে সকাল থেকেই পাইন্দং ও বাবুনগর এলাকায় স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।




